
নাসির উদ্দিন লিটন,মাদারীপুরঃ-
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির প্রিন্টার মেশিন সাদা কাগজ বিভিন্ন সরঞ্জাম সহ মোঃ দীন ইসলাম ঢালী (২৯) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এসময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার মেশিন উদ্ধার করা হয়।
রোববার (১৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় তাদের বিশেষ সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবক একই এলাকার মহসিন ঢালীর ছেলে। আজ সোমবার (২০ জুলাই) সকালে কালকিনি থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর) জানায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলাম ঢালীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ও স্বীকারোক্তির ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির রং, একটি এন্ট্রিকাটার, একটি স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন।
র্যাব আরও জানায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দ আলামত কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার আসামি ও জব্দ আলামত আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য আসামিদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন কালকিনি থানা পুলিশ।