
কালকিনি মাদারীপুরঃ-মাদারীপুরের কালকিনিতে বোমার আঘাতে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কৃষক হারুণ ঢালী (৪০)। এ নিয়ে বোমার আঘাতে এ পর্যন্ত দুইজন মারা গেলেন।
নিহত হারুণ ঢালী কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে। এর আগে ঐ ঘটনায় নিহত আরেক কৃষক মোদাচ্ছের শিকদারের (৫০) বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।
তবে বোমার আঘাতে নিহতের ঘটনা নিয়ে এলাকায় ভিন্ন মত দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত ২৬ মার্চ দুপুরে কালকিনির নতুন চর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে মোদাচ্ছের শিকদার নামে এক কৃষকের মৃত্যু হয় এবং আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী আরও দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে কালকিনি থানা পুলিশ।পরে আহত দুইজনকে ভর্তি করা হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হারুণ ঢালী নামে আরেকজন কৃষক।
অপরদিকে এ ঘটনায় আগে নিহত মোদাচ্ছের সিকদারের চাচাতো ভাই দাদন সিকদার জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির পার্শ্ববর্তী বরিশালের মুলাদীতে কয়েকদিন আগে হাজী গ্রুপ ও আকন গ্রুপের মাঝে সংঘর্ষের একপর্যায়ে হাজী গ্রুপে ছোড়া বোমার আঘাতে আকন গ্রুপের মোদাচ্ছের শিকদার নিহত হন। এসময় বোমার আঘাতে আকন গ্রুপের হারুন ঢালী,মাসুদ ঢালী, রমজান খান,তোফাজ্জল হাওলাদার সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গতরাতে হারুণ ঢালী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে নিহত হারুণ ঢালীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে। বোমার আঘাতে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, হারুণ ঢালী মারা যাবার খবর লোকমুখে শুনেছি।এর আগে এই ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ঐ সময় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। তবে নিহতদের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে