
মো. হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসার উপজেলায় মেনাজুল আকন নামের এক ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে দক্ষিণ ধূয়াসার এলাকার ইব্রাহিম মাতুব্বরের বিরুদ্ধে। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার উত্তর ধূয়াসার মৌজায় এ মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটে। শনিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রবাসীর স্ত্রী মিম আক্তার।
ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা’যায়,মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার এলাকায় গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় উত্তর ধূয়াসার মৌজায় অবস্থিত প্রবাসীর ৬০ শতাংশ ধানের ফসলি জমিতে ইব্রাহিম মাতুব্বর বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে।
পরবর্তী দিন,১৮ সেপ্টেম্বর সকালে প্রবাসীর স্ত্রী মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান সমস্ত ধান ক্ষেত বিষাক্ত কীটনাশকের প্রভাবে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম মাতুব্বর দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে। এঘটনায় ডাসার থানায় মেনাজুল আকনের স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মিম আক্তার জানান,ইব্রাহিম মাতুব্বরের সাথে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না এবং তার জমিও তাদের জমির সংলগ্ন নয়। কারো প্রলোভন বা লোভে পড়ে এ ধরনের জঘন্য অপরাধ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এঘটনায় পরে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ মুঠোফোনে জানান,এঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।