
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জেলার বিভিন্ন এলাকায় সর্বাত্মক মাদকবিরোধী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ২টা ৫ মিনিটে বরগুনা সদর থানাধীন ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উরবুনিয়া এলাকায় পলাতক আসামি স্বপন চৌকিদারের টিনশেড কাছারিঘরের সামনে কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ সেলিম আকন (৪২) ও মোঃ শাহিন হাওলাদার (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম আকন উরবুনিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার বাবার নাম মোঃ পান্না আকন। অপর গ্রেপ্তার শাহিন হাওলাদার বুড়িরচর ইউনিয়নের সোনাতলা (রায়েরতবক) এলাকার বাসিন্দা; তার বাবার নাম মোঃ হেমায়েত হাওলাদার।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।