
নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুর সদর থানা ঝিকরহাটি এলাকা থেকে ইদ্রিস খান নামে এক মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আাসামি গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকেলে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রিস ঝিকরহাটি এলাকার মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে ঝিকরহাটিসহ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবককে লিবিয়াতে পাঠিয়েছে। পরে তাদের লিবিয়ার বন্দিশালায় আটক রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দেওয়ায় আটক বন্দিদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে মাদারীপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ প্রধান অভিযুক্ত ইদ্রিস খানকে গ্রেফতার করে।
এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, ‘মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।