
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়।
২৩ সেপ্টেম্বর ২০২৬ রাতে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুজ্জামান বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে। তার মায়ের নাম আমিরুন্নেছা।
এসআরবি জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ৩২(৩)১৯ এবং দায়রা নং-২৬৫৯৫/১৯। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ৮(গ)/১০(ক)/৪০ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানাটি বরিশালের মুলাদী থানায় জারি ছিল।
পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে আসামিকে গ্রেপ্তারের জন্য অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ গোয়েন্দা তথ্য সংগ্রহ, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও নজরদারির মাধ্যমে নুরুজ্জামানের অবস্থান নিশ্চিত করে।
পরে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুজ্জামানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।