
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর দুই ক্ষুদে প্রতিভা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে উপজেলাবাসীর গর্ব বাড়িয়েছে।
প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে বরিশাল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ২৮ নং দক্ষিণ চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী মোঃ মুরছালিন। তার এই অসাধারণ অর্জনে বিদ্যালয়, পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
অন্যদিকে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বরিশাল জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্য বিভাগের মেধাবী ছাত্রী দীপান্বিতা দেবনাথ পূর্বা। নৃত্যকলায় তার এই সাফল্য গৌরনদীর সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গৌরবজনক অর্জন।
মুরছালিন ও পূর্বার এ সাফল্যে গৌরনদীবাসী গর্বিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তরোত্তর সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বড় অর্জন কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।