
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, পৌর ছাত্রলীগের সদস্য ও তিখাসার এলাকার বাসিন্দা মো. সজিব সরদার (২৯), বিলগ্রাম এলাকার উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টু (৪৫), মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার (৩০), তিখাসার এলাকার পৌর আওয়ামী লীগ সদস্য ওয়াজ করণী (৫০), দক্ষিণ বিজয়পুর এলাকার গৌরনদী সরকারি কলেজের সাবেক জিএস ও সাধারণ সম্পাদক মো. মাহিবুল আলম (৫৫), বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার (৩২) এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাসুম সরদার (৩৯)।
এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন সৈকত গুহ পিকলু (৫০), মনির হোসেন মিয়া (৫৫), ইকতিয়ার হাওলাদার (৫৪), মামুনুর রশিদ ওরফে মনু মোল্লা (৪০), মনির মীর (৪০), মেহেদী আকন (৩৮), জসিম মেহার (৩৮) ও জোবায়ের ইসলাম ওরফে সান্টু ভূঁইয়া (৪০)সহ আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর গৌরনদী থানা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সূত্রে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির তথ্য পায়।গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এ তথ্য পান বলে আবেদনে উল্লেখ রয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে কর্মসূচি পরিচালনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া কয়েকজনের নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হওয়ার অভিযোগও তুলে ধরা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সৈকত গুহ পিকলু। তাঁর দাবি, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল।
সৈকত গুহ পিকলুর অভিযোগ, সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে দাওয়াতে আসা ছয়জনসহ তাঁর ছোট ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল দৈনিক প্রতিদিনের ক্রাইমকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হয়।