
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের প্রয়াসে বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফুলি সরকার (সিনিয়র ম্যানেজার, রামপাল কো-অর্ডিনেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মোঃ জামাল উদ্দিন (ন্যাশনাল এ্যাডভোকেসী কোর্ডিনেটর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), শেখ রাজিব আল রশিদ (অফিসার ইনচার্জ, রামপাল থানা), কানিজ ফাতেমা শেফা (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), ইনসাদ ইবনে আমিন (রামপাল উপজেলা কৃষি অফিসার), ডাঃ সুকান্ত কুমার পাল (রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), মোঃ রুহুল কুদ্দুস তালুকদার (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) এবং মোঃ ইমরান হোসেন (উপজেলা উপ-সহকারী প্রকৌশলী)।
এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে নাথন চৌকিদার (সিনিয়র প্রোগ্রাম অফিসার), বিউটি কুইন (চাইল্ড রাইটস ইন এ্যাকশন), লিটন হিউবার্ট কোড়াইয়া (চাইল্ড প্রোটেকশন অফিসার), সুবাস জয়ধর (প্রোগ্রাম অফিসার), পার্থ সারথী দেবে (প্রোগ্রাম অফিসার) ও শিউলি কস্তা (প্রোগ্রাম অফিসার) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের আলোয় আলোকিত হওয়া শিশুরা উপস্থিত ছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনা অপরিহার্য। রামপাল উপজেলাকে এই সামাজিক সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।