
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর জেলার কালকিনি থানার ওসি নাজমুল হাসান বদলির একদিন পরেই ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
মাদারীপুর জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মারুফুর রশিদ খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন।
পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা: তাহমিনা বেগম। এ অভিযোগের পরিপেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
এর আগে গত রোববার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে ৪৩ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী।
এছাড়া এই আসনে আরও ৬ প্রার্থী রয়েছে। মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন।