সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারি সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ সমস্যা থেকে উত্তরণে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি তেরখাদা উপজেলাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, ভেটেরিনারি সার্জন জুপি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার এবং তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।