
সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ ২১ বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।