
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিংগোশোলপুর ইউনিয়নর বড়কুলা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান, তার পুত্র তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন নিহত হন।
অপরদিকে খয়ের গ্রুপের ওসিবুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মো. ওলি মিয়া বলেন, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।