
মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
রাজশাহী সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।
সোমবার দিবাগত রাতে ও আজ মঙ্গলবার ভোরে নগরীর কাটাখালী থানার শাহাপুর ও খানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহীর সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার হতে পারে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সোয়া ১১টার দিকে। শাহাপুর বিওপির একটি নিয়মিত টহল দল শাহাপুর পূর্বপাড়া এলাকার একটি গমক্ষেতে ওৎ পেতে থাকে। এ সময় একজন মাদক কারবারিকে ওই এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ জব্দ করা হয়।
অন্যদিকে, আজ ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল খানপুর পশ্চিম পাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায়। একটি আম বাগানের ভেতর লোকজনের আনাগোনা টের পেয়ে বিজিবি সদস্যরা সুকৌশলে অগ্রসর হলে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপ ও মদ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।