
পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-
টানা মুষলধারে বৃষ্টিতে বরিশালের গৌরনদী উপজেলায় শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত পানিতে তলিয়ে অধিকাংশ ফসল নষ্ট হয়ে পড়েছে। ফলে বাজারে শাক-সবজির সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার সবজি বাগান পানিতে তলিয়ে যায়। এতে লাউ, পুঁইশাক, ডাঁটা শাক, পাটশাক, ঢেঁড়স, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একদিকে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে ভোক্তাদেরও বেশি দামে শাক-সবজি কিনতে হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, চাষাবাদ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে উল্লেখযোগ্য ব্যয় করার পর এমন ক্ষতিতে তারা দিশেহারা। অনেকেই নতুন করে চাষাবাদ শুরু করার মতো আর্থিক সক্ষমতা হারিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা প্রদান করা হলে তারা পুনরায় চাষাবাদে ফিরতে পারবেন। এদিকে বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত শাক-সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।