
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগের মধ্যে বুধবার (২২ জুলাই ২০২৬) উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস জানান, অভিযানে জব্দ করা মাছ পরবর্তীতে কালিয়া মাছ বাজার সংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে।
জানা গেছে, কালিয়া ও নড়াগাতীর বিভিন্ন হাট-বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিরানহা মাছ বিক্রি হচ্ছে। এতে জলজ পরিবেশ ও দেশীয় মাছের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, পিরানহা একটি স্বাদুপানির অত্যন্ত মাংসাশী ও আক্রমণাত্মক মাছ। এটি দেশীয় মাছের ডিম, রেণু, পোনা, ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে বাংলাদেশ সরকার ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবিস্তার, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫-এর সংশোধিত বিধান এবং মৎস্য সংঘ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী নিষিদ্ধ মাছের চাষ, উৎপাদন, বাজারজাতকরণ বা পরিবহনের দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল কালিয়া ও নড়াগাতীর বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন।