
আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মোঃ পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরিশালের অফিসার ইনচার্জ মোহাম্মদ এহতে শামুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মোঃ হানিফ মোল্লা, এএসআই মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ও ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।