
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এরই অংশ হিসেবে আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ননী গোপাল সমদ্দারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আকন এবং প্রতিষ্ঠাতা সদস্য মাসুদুর রহমান হাওলাদার।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।