
নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাভারঃ
ঢাকার সাভারে দীর্ঘ ২৫ বছর ধরে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন আইটেমের বিস্কুট,কেক, মিষ্টি ও রুটি উৎপাদনের অভিযোগ উঠেছে ছালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সাভার উপজেলার গেন্ডা ৮৬/৬ এলাকার শামেলা গার্ডেন হাউজ সংলগ্ন একটি ভাঙা টিনের ঘরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মো. ছালাম মিয়া নামের এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে এই অনিয়মের চিত্র উঠে এসেছে।
কারখানাটির ভেতরে গিয়ে দেখা যায়, অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খালি হাতে মাটিতে ময়দা ও আটা মাখানো হচ্ছে। খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল। কারখানার শ্রমিকদের শরীরে উপযুক্ত কোনো পোশাক তো দূরের কথা, এমনকি হাতে গ্লাভস পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কারখানার ঠিক পাশেই রয়েছে বাথরুম ও সেপটিক ট্যাংকের পাইপলাইন। সেখান থেকে তেলাপোকা, টিকটিকি, মশা ও মাছি এসে উন্মুক্ত তৈরি খাবারের ওপর বসছে।
এছাড়া কারখানার ভেতরে শ্রমিকদের ধূমপান এবং বিভিন্ন স্থানে সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা যায়। এমন মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় চরম ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে অভিযুক্ত কারখানা মালিক ছালাম মিয়ার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বৈধ কাগজপত্রের তোয়াক্কা না করে উল্টো প্রভাবশালীদের আশ্রয় নেওয়ার কথা জানান। তিনি বলেন, “আমি এখানে ২৫ বছর ধরে এলাকার একজন অ্যাডভোকেটের জমি ভাড়া নিয়ে ব্যবসা করছি। অ্যাডভোকেটের ভাগ্নেও একজন বড় সাংবাদিক, আপনারা এখানে কেন আসছেন?”
তিনি আরও দাবি করেন, এ ধরনের ব্যবসা পরিচালনার জন্য বিএসটিআই বা খাদ্য অধিদপ্তরের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না; কেবল পৌরসভার একটি ট্রেড লাইসেন্স থাকলেই যথেষ্ট। কারখানায় কী কী তৈরি হয়—জানতে চাইলে তিনি জানান, সেখানে বিভিন্ন আইটেমের বিস্কুট, কেক, পাউরুটি ও কেমিক্যালযুক্ত মিষ্টি উৎপাদন করা হয়।
স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্যপণ্য বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এলাকাবাসী দ্রুত এই অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে তা বন্ধ ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “খাদ্যে ভেজাল দেওয়া বা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কোনো সুযোগ নেই। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন সবসময় আন্তরিক। কোথাও এ ধরনের তথ্য পাওয়া গেলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”