
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের রাজৈরে এক মানবপাচার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী দালাল রবিউল শেখের বিরুদ্ধে। এদিকে লিবিয়ার বন্দীশালায় জিম্মি রেখে ৫২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও দিচ্ছে না সন্তানের খোঁজ। মঙ্গলবার দুপুরে মানবপাচারকারী রবিউল শেখকে গ্রেপ্তারসহ বিচার দাবিতে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের হুজুরী গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ ইমন শেখের বাবা সিরাজ শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে সিরাজ শেখ জানান, তার ছেলে ইমন শেখকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ২২ লাখ টাকায় ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে বন্দীশালায় আটকে রাখে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভোটঘর এলাকার খোরশেদ শেখের ছেলে রবিউল শেখ। পরে অমানুষিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে হাতিয়ে নেয় আরো ৪০ লাখ টাকা। তবে তাদের দাবিকৃত টাকা দিয়েও দীর্ঘ একবছর যাবত ইমনের কোন খোঁজ না পাওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে বিজ্ঞ মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন নিখোঁজের পিতা সিরাজ শেখ। এরপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দালালচক্র। বর্তমানে মামলাটি তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদি সিরাজ শেখের। নিখোঁজ সন্তানকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ প্রধান অসামি রবিউল শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর শাস্তির নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তিনি।