
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান ও একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
বুধবার (১০ জুন) রাজৈর থানায় এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মাজহারুল উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে জেলা ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও হামলাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।
ওসি শেখ আমিনুল ইসলাম জানান, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। সে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় ঘেঁষে এবং সুবিধাভোগী হিসেবে নিজের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত।
পুলিশ জানায়, গত ২৬ মে সন্ধ্যায় রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খানকে হাতুড় বাহিনীর প্রধান মাজাহারুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতি রোধ করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরের দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে,প্রকাশ্য বাজারের এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় আহত জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে ৩১ মে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন, রাজৈর থানার (মামলা নং- ৪৩)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান ইতিপূর্বে ৪ আসামিকে গ্রেফতার করেছে, গ্রেফতারকৃত আসামিদের সাথে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর থেকে প্রধান আসামি মাজহারুল পলাতক ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৪-এর সহায়তায় জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে মাদারীপুর জেলা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।