
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নের নড়াগাতি এলাকার পাখিমারা পূর্বপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অভিমুখী সড়কের ইটের সলিং (টিআর) প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি.এম. নজরুল ইসলাম কাবুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। দুর্গা মন্দিরমুখী এই সড়ক নির্মিত হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি পরিমল বিশ্বাস, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিকদার ইবাদত হোসেন ও ইকবাল শিকদার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম সরদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসী।
সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তাদের মতে, দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।