
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ শ্রী সুজন সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী-দপদপিয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘মা স্টিল ফার্নিচার’-এর সামনে পাকা সড়ক থেকে সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুজন সরকার বরগুনা সদর থানাধীন ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রোডপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শ্রী নিরঞ্জন সরকার ও সুমিত্রা রানীর ছেলে।
বিএমপি সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়।