
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য জরুরি ভিত্তিতে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি উঠেছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীর জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়ক পারাপারের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হোক।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়ক দিয়ে প্রতিদিন অতিরিক্তসংখ্যক ট্রাক, মাহিন্দ্র ট্রাক্টর, মিনি বাসসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই সড়কে যানবাহনের চাপ ও দ্রুতগতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য সড়কটি এখন বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৮৫০ জনেরও বেশি। প্রতিদিন বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার করাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহায়ক মনিরুল ইসলামকে লাল পতাকা হাতে সড়কে দাঁড়াতে হয়। দুপুর ১২টা ও বিকেল ৫টার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহযোগিতা করেন। কিন্তু বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য এ ব্যবস্থা কতটা নিরাপদ ও দীর্ঘমেয়াদি—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
স্থানীয় পৌরবাসীর দীর্ঘদিনের দাবি, শিশুদের জীবনের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হোক। কারণ, একটি দুর্ঘটনা একটি পরিবারকে সারাজীবনের জন্য অসহায় করে দিতে পারে। তাই দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এ বিষয়ে দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার বলেন, “দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ে সড়ক। এই সড়কের পাশে অবস্থিত দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। কোমলমতি শিশুদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয়ের সামনে জরুরি ভিত্তিতে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের কাছে আমাদের জোর দাবি, শিশুদের নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।”
শুধু একটি ফুট ওভারব্রিজ নয়, এটি ৮৫০-এর বেশি শিশুর নিরাপদে বিদ্যালয়ে আসা-যাওয়ার নিশ্চয়তার দাবি। কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়, এটি তাদের মৌলিক অধিকার ও সময়ের দাবি।
তাই সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন—দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুত সরেজমিন পরিদর্শন করে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।
দুর্ঘটনায় কোনো শিশুর প্রাণহানি ঘটার আগেই হোক কার্যকর পদক্ষেপ। নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত হোক দেবীগঞ্জের কোমলমতি শিক্ষার্থীদের জন্য।