
পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:
বরিশাল জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন গৌরনদীর একাধিক প্রতিযোগী। কোরআন তেলাওয়াত, নাতে রাসুল ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে গৌরনদীর সুনাম ছড়িয়ে দিয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের তত্ত্বাবধানে পরিচালিত সূচনা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী মো. সাইফুল্লাহ মানসুর।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন গৌরনদী জামায়াতের আমির ও সাবেক সেনাসদস্য আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান।
নাতে রাসুল বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাবিবা জাহান। দ্বিতীয় স্থান অর্জন করেন মিজানুর রহমান, কাজী ফাহাদ, মো. তাসকীন, মো. ইব্রাহীম মৃধা ও মো. জিহাদ সরদার। এ বিভাগে মো. ইয়াসীন আরাফাত তৃতীয় স্থান অর্জন করেন।
কবিতা আবৃত্তি বিভাগে ইয়াসা প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ৬ নম্বর পৌর জামায়াতের সেক্রেটারি ও রুকন সদস্য আব্দুল ওয়াহিদ মাছুম। একই বিভাগে গৌরনদী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক পলাশ তালুকদার তৃতীয় স্থান অর্জন করেন।
আয়োজক ও জুরিবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষা, ইসলামী সংস্কৃতি, সাহিত্য, সংগীত ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় গৌরনদীর প্রতিযোগীদের এমন সাফল্য স্থানীয়ভাবে কোরআনচর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন উৎসাহ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।