
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে পূর্বের হামলার ঘটনায় মামলা করাকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা বীর মুক্তিযোদ্ধা মো. জালাল আহমেদ (৮০) ও তাঁর পুত্রবধূ সীমা বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. জালাল আহমেদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই নলচিড়া বাজারে তাঁকে মারধরের অভিযোগে তিনি আল মামুন স্বপনকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তাঁর।
জালাল আহমেদের অভিযোগ, শনিবার আল মামুন স্বপনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাঁর বাড়িতে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং তাঁকে ও তাঁর পুত্রবধূ সীমা বেগমকে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা সীমা বেগমের গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
হামলার সময় জালাল আহমেদ ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, পূর্বের হামলার ঘটনায় মামলা করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আবারও তাঁদের ওপর হামলা চালিয়েছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে আল মামুন স্বপনের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল ইসলাম আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।