
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের যথাযথ প্রস্তুতি থাকা জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।