
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে গৌরনদী থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাখেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির তাজ আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। তবে বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
এদিকে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ চলছে।
আসন্ন ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বের হলেও শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়ি ফিরতে হলো পুরো পরিবারটিকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।