
মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
রাজশাহী গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে রাজশাহীতে পালিত হচ্ছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে এক একর জমির ওপর নির্মিত নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ভাষা শহীদদের প্রতি।
নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর আগে তিনি শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ও জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনেকে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করেন। পুরো প্রাঙ্গণজুড়ে ছিল শোক, গর্ব ও আত্মমর্যাদার এক অনন্য আবহ।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।