
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর এলাকায় একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করার পর স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ডলার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগরপুর এলাকায় একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই ব্যক্তিকে শনাক্ত করেন স্থানীয়রা। একপর্যায়ে তাদের আটক করে তল্লাশি চালালে পাঁচটি মোবাইল ফোন ও ডলার উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।
আটক দুজনের পরিচয় স্থানীয়দের বরাতে জানা গেছে, তারা মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের সন্তান। তাদের মধ্যে রুমা আক্তার (৩৫) ও তার ভাই জসিম (৪০) রয়েছেন।
তবে আটক দুজন চুরির ঘটনায় কীভাবে জড়িত এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ও ডলার তাদের কাছ থেকে কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।