
আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশাল রেঞ্জে আগস্ট ২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল এবং দ্রুত জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) কাজী মোঃ ছোয়াইব এবং পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) রুনা লায়লা।
সভায় বরিশাল রেঞ্জের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও সামগ্রিক অপরাধচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও জনবান্ধব রাখতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক উদ্ধার কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দায়িত্ব পালনে পেশাদারিত্ব, তৎপরতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসেবাকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।