
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মাসিক কল্যাণ সভায় দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল (PRL)-এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন সহকর্মীদের সঙ্গে দায়িত্ব পালনের পর বিদায়ের এ মুহূর্তে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় আগস্ট ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিও প্রদান করা হয়। ভালো কাজের মূল্যায়ন হিসেবে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।