
আতাউর রহমান চঞ্চল নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও সাহিত্য-সংস্কৃতিকে ধারণ করে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
প্রতিযোগিতার ফলাফলে ‘ক’ গ্রুপে—একক নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ঐশ্বর্য সাহা রাই।একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আমিন শিকদার।
অন্যদিকে ‘খ’ গ্রুপে—চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছে নবম শ্রেণির শিক্ষার্থী জাইমা রহমান। একক অভিনয়ে তৃতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণির শিক্ষার্থী ইফরাত জাহান এশা। একক নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণির শিক্ষার্থী অহনা আক্তার সারা।
পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থীর এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।