
পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর বরিশালের প্রবেশদ্বার খ্যাত বরিশাল–১ আসন থেকে একজন মন্ত্রী পাওয়ায় জেলাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আশা প্রকাশ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে জহির উদ্দিন স্বপন বরিশালের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। সকালে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন পাওয়ার পরপরই জেলাজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা দেখা যায়।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, যা পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট। তবে বরিশালবাসীর প্রত্যাশার শেষ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালবাসীর সকল প্রত্যাশা পূরণ করবেন—এমনটাই আমাদের বিশ্বাস।”