
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
জলাবদ্ধতা নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও নাগরিক দুর্ভোগ কমাতে গৌরনদী পৌরসভায় টানা তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো স্থান নয়, পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিদিন ধারাবাহিকভাবে এ অভিযান চলবে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িকভাবে লোক দেখানো কোনো কার্যক্রম নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যে একটি খাল পরিষ্কার করার ফলে প্রায় ২ হাজার পরিবারের জলাবদ্ধতা নিরসন হয়েছে বলে জানানো হয়েছে।
গৌরনদী পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী এক বছরের মধ্যে পৌরসভার জলাবদ্ধতা ও সড়কের সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, মাননীয় উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপনের সহযোগিতায় গৌরনদী পৌরসভায় প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী মাজার সংলগ্ন সড়কবাতির মেইন সুইচ মেরামতের কাজ চলছে। পৌর প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
পৌর কর্তৃপক্ষের প্রত্যাশা, ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৌরনদী পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।