
প্রতিদিনের ক্রাইম, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কৃষি অধিদপ্তরের হলরুমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (ধর্ম মন্ত্রণালয়) এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সঞ্জয় কুমার গুপ্ত। তিনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম-মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য হিসেবেও পরিচিত।
সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম ও প্রেসক্লাবের সদস্য ফারুক আকন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটক।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন বক্তারা।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, পূজা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশি চৌকি বসানোর ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
সভায় পূজা চলাকালীন সময়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।