
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, র্যাব-৮ সদর কোম্পানি (বরিশাল)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি নদীর তীরে কীভাবে এল, এটি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো ঘটনার ফল—তা খতিয়ে দেখা হচ্ছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এলাকাবাসীর ধারণা, বিষয়টি নিছক স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।