
মোঃ সোহেল রানা রাজশাহীঃ-
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল অবৈধ ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় তাঁদের কাছ থেকে ২ টি মোটরসাইকেল ও নগদ ১,৭০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কড়িবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব-৫, রাজশাহীর সিবিএসসি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামের মৃত আকমেল মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী উপজেলার নূরমহল কলেজরোড এলাকার মৃত মারেজ উদ্দিনের ছেলে মোঃ মোশাররফ (৫৫) এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আজিজুল হক (৬৮)।
র্যাব জানায়, কড়িবাড়ি গ্রামের রেজাউল করিমের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে চৌকির নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে লুকানো ৭৫ বোতল এবং বস্তার ভেতর বিশেষভাবে সংরক্ষিত ৫০ বোতলসহ মোট ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।