
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি কথিত ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের সনাতনী সমাজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভূষণ রায় এবং দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়সহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, ‘শিবির মিডিয়া সেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।
তারা বলেন, প্রচারিত ভিডিওটি বাস্তব নয় এবং এটি প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা হয়েছে। বক্তাদের দাবি, ভিডিওটিতে ব্যবহৃত ছবি ও দৃশ্যের সঙ্গে প্রতিমন্ত্রীর প্রকৃত চেহারার কোনো মিল নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি ও জনমনে ভুল ধারণা দেওয়ার জন্য প্রচার করা হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরকারি দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন এবং তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যেই একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।