
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকরা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যস্ত মহাসড়ক পার হতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত কোমলমতি শিক্ষার্থী।
বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত আতঙ্কে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
আজ (দুপুরে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম-কে নিজ হাতে শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার করাতে দেখা যায়। একজন প্রধান শিক্ষকের এভাবে দায়িত্ব পালন বিদ্যালয়টির সামনে বিরাজমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বাস্তব চিত্রই তুলে ধরে।
স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসীর ভাষ্য, কোনো দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনা প্রতিরোধেই এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতিদিন শত শত শিশু যে সড়ক পার হচ্ছে,সেখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণই হতে পারে তাদের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর সমাধান। শিশুদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি—দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জরুরি ভিত্তিতে একটি আধুনিক ফুটওভারব্রিজ নির্মাণ করা হোক।
জনস্বার্থে আবেদন একটি ফুটওভারব্রিজ নির্মাণ শুধু একটি স্থাপনা নয়—এটি শত শত কোমলমতি শিক্ষার্থীর নিরাপদ ভবিষ্যৎ ও অমূল্য প্রাণ রক্ষার নিশ্চয়তা। এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার।