
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্সঃ-মাদারীপুরের রাজৈরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জন বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ নভেম্বর ) দুপুরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি গ্রামের কুমার নদে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক। পরে সোমবার বিকেলে রাজৈর থানার পুলিশের কাছে সাজাপ্রাপ্ত আসামীদের জেলহাজতে প্রেরণের জন্য হস্তান্তর করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর থানার নায়মুল হাসান (২৪), শাহপরান (২৪), নেছারাবাদ থানার মিজান (৩২), আল-আমিন (৩৭), ইমরান (২৫), ইলিয়াস (৩১), বরিশালের বানারীপাড়া থানার হাসান মেহেদী(৩৭), মাদারীপুর জেলার শিবচর থানার ঠান্ডু খালাসী (৪৫) ও বাগেরহাটের রামপাল থানার মাহফুজ হাওলাদার (৩৪)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করে রাজৈর থানার পুলিশ। পরে নায়মুল ও শাহপরানকে ১০ দিন করে, মিজান, ঠান্ডু, ইমরান, মাহফুজ ও ইলিয়াসকে ২০ দিন করে এবং আল-আমিন ও হাসান মেহেদীকে ২১ দিন করে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।
এবিষয়ে রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, সাজাপ্রাপ্ত ৯ আসামীদের সোমবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।