
জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পেরিয়ে গেলেও বরিশাল জেলার বানারীপাড়া থানার অফিশিয়াল সরকারি ওয়েবসাইটে (জাতীয় তথ্য বাতায়ন) এখনো রয়ে গেছে ক্ষমতাচ্যুত দলটির শীর্ষস্থানীয় নেতাদের ছবি। সরকারি ডিজিটাল সিকিউরিটি ও তথ্য হালনাগাদ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে সাইটটিতে রাজনৈতিক নেতাদের ছবি ঝুলিয়ে রাখায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জাতীয় তথ্য বাতায়নের বানারীপাড়া থানা পেজে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর মেয়র ও আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর ছবি এখনও দৃশ্যমান।
এছাড়া তালিকায় রয়েছে উপজেলা সহ-সভাপতি আব্দুল জলিল ঘরামী ও জিয়াউল হক মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা এবং সাবেক চেয়ারম্যান শান্তসহ একাধিক দলীয় নেতার ছবি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট পরিচালনা নীতিমালা অনুযায়ী, সরকারি প্রতিটি পোর্টালকে নিরপেক্ষ, তথ্যসমৃদ্ধ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা বাধ্যতামূলক। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাজনৈতিক নেতাদের ছবি বহাল তবিয়তে থাকা কেবল প্রশাসনিক স্থবিরতাই নয়, বরং সরকারি নির্দেশনার চরম অবমাননা।
নাগরিকদের প্রশ্ন—রাজনৈতিক পটপরিবর্তনের দীর্ঘ দুই বছর পরও কেন এই তথ্য হালনাগাদ করা হলো না? এটি নিছক উদাসীনতা নাকি কোনো বিশেষ মহলের গাফিলতি? এমন অনিয়মের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সাইটের অপ্রাসঙ্গিক ছবিগুলো অপসারণ এবং ওয়েবসাইটটি সম্পূর্ণ নিরপেক্ষ ও আধুনিক তথ্য দিয়ে হালনাগাদ করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বানারীপাড়ার সাধারণ মানুষ।