
সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ-
খুলনার তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করতে কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা। উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জিআইএস স্পেশালিস্ট, বেটস, মোঃ আদনান হোসেন।
কর্মশালায় গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, কোর রোড নেটওয়ার্ক প্রণয়ন, সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় পর্যায়ের বাস্তব তথ্য ও জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার এবং বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।