
আতাউর রহমান চঞ্চল বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন বেপারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় মোঃ জালাল বেপারী (৩৩) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে গৌরনদী মডেল থানাধীন সুন্দারদী ১ নম্বর ওয়ার্ডের টরকী-বাউরগাতি সরকারি পাকা সড়কের পশ্চিম পাশে নান্নু স্টোর সংলগ্ন ইটের সলিং রাস্তা থেকে দেলোয়ার হোসেন বেপারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন বেপারী গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ এলাকার মৃত আঃ বারেক বেপারীর ছেলে। অপরদিকে, মামলার পলাতক আসামি মোঃ জালাল বেপারী (৩৩) পূর্ব হোসনাবাদ এলাকার নলগোড়া বাজারসংলগ্ন এলাকার মৃত মজিবুর রহমান বেপারীর ছেলে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। পরে ৬ নভেম্বর ২০২৬ তারিখে গৌরনদী থানায় এফআইআর নং-১২ এবং জিআর নং-৩৬৯ মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশের দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন বেপারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপর আসামি জালাল বেপারী পলাতক রয়েছেন।