
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়নের বটতলী মোড় থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পার হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রিতা, ঠিকাদারের অবহেলা এবং কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এ অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত মানববন্ধনে শালডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবিউন ইসলাম লেবু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন, সামিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর আগে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে সমস্যায় পড়ছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বক্তারা আরও বলেন, প্রকল্পটির মেয়াদ একাধিকবার বাড়ানো হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর তদারকির অভাবেই গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ বছরের পর বছর ঝুলে আছে। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এলাকাবাসী দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মুঠোফোনে বলেন, “আমি ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীকে বলেছি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুক্তি বাতিলসহ আইনানুগ পদক্ষেপ নিতে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকু ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম বলেন, “আমি কিছুদিন অসুস্থ ছিলাম। এছাড়া বর্ষা মৌসুমে বালুর সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে
নির্মাণকাজ সম্পন্ন করার আশা করছি।”
তবে স্থানীয়দের প্রশ্ন, একাধিকবার সময়সীমা বাড়ানোর পরও কেন এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ? দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।