
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্কঃ-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর লক্ষে সরকার কাজ করছে।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থেকে নানা অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন।
বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি অনেক দিন ধরেই উপেক্ষিত ছিল।
এ বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা।
কিন্তু দুঃখজনকভাবে অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।
মন্ত্রী আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে কাজ করছে। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের টিকিয়ে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অপরিহার্য। সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।