
মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান।
সকালের পর থেকেই কলেজ প্রাঙ্গণ নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নানা সাজসজ্জা ও আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস এবং শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্য সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তারা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে পারে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণার আলো জ্বালিয়ে দিয়েছে