
প্রতিদিনের ক্রাইম, বরগুনা প্রতিনিধিঃ-
মাদকবিরোধী বিশেষ অভিযানে বরগুনায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বরগুনা সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।
অভিযানের সময় বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের বসতঘরের সামনে বরগুনা- বাঁশবুনিয়া পাকা সড়কের ওপর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন বরগুনা জেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার মোঃ আলম মল্লিকের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।