
কৃপা বিশ্বাস, নড়াইলঃ- নড়াইলে এক মাদ্রাসা শিক্ষকের বসত বাড়ি হামলা, ভাংচুর, লুটপাটসহ মারপিটের অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষকের নাম সৈয়দ আয়ুব আলী। বাড়ি লোহাগড়া উপজেলা লাহুড়িয়া ইউনিয়নের কলেজপাড়ায়।এ বিষয়ে নড়াইল লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের নধি সূত্রে জানা গেছে, (২৭ ডিসেম্বর) রাত দুইটার দিকে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে আলী মিয়া ও জিল্লু মোল্যার নেতৃত্বে ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী বাহিনী রামদা, ছ্যানদা, লাঠিশোটা নিয়ে লাহুড়িয়া কলেজ পাড়ার মাদ্রাসার শিক্ষক সৈয়দ আয়ূব আলীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় ঠেকাতে গেলে দূর্বৃত্তরা আয়ূব আলী, স্ত্রী হালিমা বেগম, মেয়ে মরিয়ম খানম ও ছেলে মেহেদী হাসানকে মারপিঠ করে আহত করে। তাদেরকে ভয়ভীতি দিয়ে ঘরের মধ্যে আটক করে রেখে ঘরে থাকা ধান-পাট, গরু-ছাগল, হাস-মুরগী এবং আসবাবপত্র লুট করে নেন।
এ সময় ৯৯৯ নম্বরে করলে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক সৈয়দ আয়ুব আলী বলেন, রাতে আমার বসত বাড়ি হামলা, ভাংচুর, লুটপাট শুরু করেন। আমার ছেলে ও স্ত্রী দৌড়ে গেলে তাদের ও মারপিট করতে থাকে । গভীর রাতে ভয়ে ৯৯৯ ফোন করি। পুলিশ এসে আমাদের জীবন ও জানমাল রক্ষা করে।
এ ব্যাপারে৷ অভিযুক্ত আলী মিয়া বলেন, আয়ূব আলীর বসত বাড়ির ওই ঘরের জায়গায় আমার ক্রয়কৃত জমিতে রাতে ঘর তুলতে গিয়েছিলাম।
স্থানীয় লাহুড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আক্কাস খান জানান, দীর্ঘদিন ধরে ওই জমিতে আয়ূব আলী পাকা ঘর বানিয়ে বসবাস করে আসছে এবং হাল রেকর্ডও তার নামে হয়েছে। ঘটনার মূল হোতা আলী মিয়া একটা ভূয়া দলিল বানিয়ে রাতের বেলায় একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে শিক্ষক আয়ূব আলীর বাড়িতে হামলা চালিয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।