
আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-
‘মানুষ মানুষের জন্য’—এই মানবিক প্রত্যয়কে ধারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘সবার আগে বাংলাদেশ হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’।
রোববার (১ নভেম্বর ২০২৬) গৌরনদীর পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক দিদার সরদারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজায়ন কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জানা গেছে, সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা প্রয়াত মানিক লাল সাহার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন দিদার সরদার। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি পালরদীসহ গৌরনদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, শিক্ষক রাজা রাম সাহা, এইচ এম ইলিয়াস, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার সরদার, সাংবাদিক পলাশ তালুকদার, এ এস মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজকরা জানান, শুধু গাছ লাগানোই নয়, বরং গাছের পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, একটি করে গাছ লাগানোর মধ্য দিয়ে প্রত্যেকে পরিবেশ রক্ষার আন্দোলনে অংশ নিতে পারেন। আজকের এই ছোট উদ্যোগই আগামী প্রজন্মের জন্য হতে পারে নির্মল বাতাস, সবুজ প্রকৃতি ও নিরাপদ পৃথিবীর।